- 25। পরিদর্শন
- ২৬। হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
- ২৭। স্বীকৃতি বা অনুমোদন স্থগিত, প্রত্যাহার, ইত্যাদি
- ২৮। আপিল
- ২৯। কাউন্সিলের জবাবদিহিতা
চতুর্থ অধ্যায় : পরিদর্শন, আপিল, ইত্যাদি ( হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২৩ )
25। পরিদর্শন
(১) কাউন্সিল এই আইন বা তদধীন প্রণীত কোনো বিধি বা প্রবিধি দ্বারা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা প্রদানকারী হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, উহার সক্ষমতা যাচাই বা নির্বাহী পরিষদ কর্তৃক পরিচালিত পরীক্ষা তদারকি করিবার জন্য চেয়ারম্যান বা নির্বাহী পরিষদের কোনো সদস্য বা কাউন্সিলের কোনো কর্মচারীকে দায়িত্ব প্রদান করিতে পারিবে।
(২) উপধারা (১) এর অধীন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাহার উপর অর্পিত দায়িত্ব সম্পন্ন করিয়া চেয়ারম্যানের নিকট প্রতিবেদন দাখিল করিবেন।
(৩) উপধারা (২) এর অধীন প্রতিবেদন পাইবার পর নির্বাহী পরিষদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।
২৬। হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
(১) কাউন্সিল প্রতি বৎসর প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে স্বীকৃত বা অনুমোদনপ্রাপ্ত দেশি ও বিদেশি হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা প্রকাশ করিবে।
(২) উপধারা (১) এর অধীন প্রকাশিত তালিকায় কোনো হোমিওপাথিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম না থাকিলে প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, উক্ত তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ প্রদান করা যাইবে।
২৭। স্বীকৃতি বা অনুমোদন স্থগিত, প্রত্যাহার, ইত্যাদি
(১) কাউন্সিল স্বীকৃতিপ্রাপ্ত বা অনুমোদিত হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সরেজমিনে পরিদর্শন করিয়া প্রতিবেদন দাখিল করিবার জন্য এক বা একাধিক কমিটি গঠন করিতে পারিবে।
(২) উপধারা (১) এর অধীন গঠিত কমিটি উহার পরিদর্শন প্রতিবেদন রেজিস্ট্রারের নিকট প্রেরণ করিবে এবং রেজিস্ট্রার উক্ত প্রতিবেদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রতিবেদনটি কাউন্সিলের নিকট উপস্থাপন করিবে।
(৩) উপধারা (১) অনুযায়ী প্রাপ্ত প্রতিবেদন যাচাই-বাছাইক্রমে, কাউন্সিল সংশ্লিষ্ট হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম সম্পর্কে সন্তুষ্ট না হইলে, সরকারের পূর্বানুমোদনক্রমে, উহার স্বীকৃতি বা অনুমোদন নির্ধারিত পদ্ধতিতে স্থগিত বা প্রত্যাহার করিতে পারিবে।
২৮। আপিল
(১) কাউন্সিলের কোনো সিদ্ধান্তের ফলে কোনো ব্যক্তি, হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠান বা হোমিওপ্যাথিক চিকিৎসক সংক্ষুব্ধ হইলে তিনি উক্ত সিদ্ধান্ত অবহিত হইবার তারিখ হইতে অনধিক ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে উক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে নির্ধারিত পদ্ধতিতে সরকারের নিকট আপিল করিতে পারিবেন।
(২) সরকার, কাউন্সিল কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত বিবেচনা করিয়া প্রয়োজনীয় আদেশ প্রদান করিতে পারিবে।
(৩) উপধারা (২) এর অধীন প্রদত্ত আদেশ চূড়ান্ত বলিয়া গণ্য হইবে এবং উক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে কোথাও কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না।
২৯। কাউন্সিলের জবাবদিহিতা
(১) কাউন্সিল উহার দায়িত্ব ও কার্যাবলি সম্পাদনের জন্য সরকারের নিকট দায়ী থাকিবে।
(২) সরকার কাউন্সিলের যে কোনো বিষয় পরিদর্শন বা তদন্ত করিতে পারিবে।
(৩) উপধারা (২) এর অধীন পরিচালিত পরিদর্শন বা তদন্তের পর সরকার তদনুযায়ী কাউন্সিলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করিতে পারিবে এবং উক্তরূপে নির্দেশনা প্রদান করা হইলে কাউন্সিল উহা প্রতিপালন করিতে বাধ্য থাকিবে।