- ৩০। ভূয়া ডিগ্রি, উপাধি, ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ
- ৩১। ব্যবস্থাপত্রে অ-অনুমোদিত ঔষধ লিখিবার দণ্ড
- ৩২। নিবন্ধন ব্যতীত চিকিৎসা পেশা পরিচালনা, ঔষধ প্রদান, মজুদ, বিক্রয়, ইত্যাদি
- ৩৩। অননুমোদিত ডিগ্রি বা সনদ ইস্যু, অনুকরণ, ইত্যাদি নিষিদ্ধ
- ৩৪। অপরাধের তদন্ত, বিচার, ইত্যাদি
- ৩৫। অপরাধের জামিনযোগ্যতা ও আপোষযোগ্যতা
- ৩৬। অর্থদণ্ড আরোপের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা
- ৩৭। মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর প্রয়োগ
পঞ্চম অধ্যায় : অপরাধ, দণ্ড ও বিচার, ইত্যাদি ( হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২৩ )
৩০। ভূয়া ডিগ্রি, উপাধি, ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ
(১) কোনো হোমিওপ্যাথিক চিকিৎসক তদ্দ্বারা এই আইনের বিধান অনুযায়ী অর্জিত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা যোগ্যতা ব্যতীত অন্য কোনো কোর্সের নাম, ডিগ্রি, সনদ, উপাধি, পদবি, বিবরণ বা প্রতীক ব্যবহার, প্রকাশ বা প্রচার করিতে পারিবেন না।
(২) কোনো ব্যক্তি উপধারা (১) এর বিধান লঙ্ঘন করিয়া তদ্দ্বারা এই আইনের বিধান অনুযায়ী অর্জিত চিকিৎসা শিক্ষা যোগ্যতা ব্যতীত অন্য কোনো কোর্সের নাম, ডিগ্রি, সনদ, উপাধি, পদবি, বিবরণ বা প্রতীক ব্যবহার, প্রকাশ বা প্রচার করিলে উহা হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ১ (এক) বৎসর কারাদণ্ড বা অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দণ্ডনীয় হইবেন।
৩১। ব্যবস্থাপত্রে অ-অনুমোদিত ঔষধ লিখিবার দণ্ড
(১) কোনো হোমিওপ্যাথিক চিকিৎসক হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়াতে অন্তর্ভুক্ত নেই এমন কোনো ঔষধ হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাপত্রে লিখিতে বা বলিতে পারিবেন না।
(২) কোনো ব্যক্তি উপধারা (১) এর বিধান লঙ্ঘন করিয়া হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়াতে অন্তর্ভুক্ত নেই এমন কোনো ঔষধ চিকিৎসা ব্যবস্থাপত্রে লিখিলে বা বলিলে উহা হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ১ (এক) বৎসর কারাদণ্ড বা অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দন্ডে দণ্ডনীয় হইবেন।
৩২। নিবন্ধন ব্যতীত চিকিৎসা পেশা পরিচালনা, ঔষধ প্রদান, মজুদ, বিক্রয়, ইত্যাদি
(১) নিবন্ধন ব্যতীত হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে হোমিওপ্যাথিক পদ্ধতিতে চিকিৎসা প্রদান বা হোমিওপ্যাথিক চিকিৎসা সংক্রান্ত কোনো দায়িত্ব পালন বা শিক্ষাদান করা যাইবে না।
(২) কোনো হোমিওপ্যাথিক চিকিৎসক হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়াতে অন্তর্ভুক্ত ঔষধ ব্যতীত অন্য কোনো ঔষধ মজুদ, প্রদর্শন বা বিক্রয় করিতে পারিবেন না।
(৩) কোনো ব্যক্তি উপধারা (১) এর বিধান লঙ্ঘন করিয়া নিবন্ধন ব্যতীত হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে হোমিওপ্যাথিক পদ্ধতিতে চিকিৎসা প্রদান বা হোমিওপ্যাথিক চিকিৎসা সংক্রান্ত কোনো দায়িত্ব পালন বা শিক্ষাদান করিলে অথবা উপধারা (২) এর বিধান লঙ্ঘন করিয়া হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়াতে অন্তর্ভুক্ত ঔষধ ব্যতীত অন্য কোনো ঔষধ মজুদ, প্রদর্শন বা বিক্রয় করেন তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ১ (এক) বৎসরের কারাদণ্ড বা অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দন্ডে দণ্ডনীয় হইবেন।
৩৩। অননুমোদিত ডিগ্রি বা সনদ ইস্যু, অনুকরণ, ইত্যাদি নিষিদ্ধ
(১) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই আইন বা তদধীন প্রণীত বিধি বা প্রবিধির অধীন প্রদত্ত ডিগ্রি বা সনদের সদৃশ বা অনুকরণে হোমিওপ্যাথিক পদ্ধতিতে চিকিৎসা করিবার অধিকার প্রদান করিয়া কোনো ডিগ্রি বা সনদ মঞ্জুর বা ইস্যু করিতে পারিবে না।
(২) স্বীকৃতি বা অনুমোদনবিহীন কোনো হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠান হোমিওপ্যাথিক চিকিৎসা সংক্রান্ত কোনো কোর্স পরিচালনা বা সনদ প্রদান করিতে পারিবে না।
(৩) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উপধারা (১) এর বিধান লঙ্ঘন করিয়া এই আইন বা তদধীন প্রণীত বিধি বা প্রবিধির অধীন প্রদত্ত ডিগ্রি বা সনদের সদৃশ বা অনুকরণে হোমিওপ্যাথিক পদ্ধতিতে চিকিৎসা করিবার অধিকার প্রদান করিয়া কোনো ডিগ্রি বা সনদ মঞ্জুর বা ইস্যু করিলে অথবা উপধারা (২) এর বিধান লঙ্ঘন করিয়া স্বীকৃতিবিহীন কোনো হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠান হোমিওপ্যাথিক চিকিৎসা সংক্রান্ত কোনো কোর্স পরিচালনা বা সনদ প্রদান করিলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি বা উক্ত প্রতিষ্ঠানের মালিক বা স্বত্বাধিকারী, চেয়ারম্যান, প্রধান নির্বাহী, পরিচালক, ব্যবস্থাপক, অংশিদার বা অন্য কোনো কর্মকর্তা বা এজেন্ট বা প্রতিনিধি বা অন্য যে কোনো নামেই অভিহিত হউক না কেন, অনধিক ৩ (তিন) বৎসরের কারাদণ্ড বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন, যদি না তিনি প্রমাণ করিতে পারেন যে, উক্ত অপরাধ তাহার অজ্ঞাতসারে হইয়াছে অথবা উক্ত অপরাধ রোধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন।
৩৪। অপরাধের তদন্ত, বিচার, ইত্যাদি
এই আইনের অধীন কোনো অপরাধের অভিযোগ দায়ের, তদন্ত, বিচার, আপিল ও এতদ্সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের ক্ষেত্রে Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এর বিধান প্রযোজ্য হইবে।
৩৫। অপরাধের জামিনযোগ্যতা ও আপোষযোগ্যতা
ধারা ৩৩ এ উল্লিখিত অপরাধ ব্যতীত এই আইনে উল্লিখিত অন্যান্য অপরাধসমূহ জামিনযোগ্য (bailable) এবং আপোষযোগ্য (compoundable) হইবে।
৩৬। অর্থদণ্ড আরোপের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা
Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এর section 32 এ যাহা কিছুই থাকুক না কেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা, ক্ষেত্রমত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আইনের ধারা ৩০, ৩১, ৩২ ও ৩৩ এ উল্লিখিত পরিমাণ অর্থদণ্ড আরোপ করিতে পারিবেন।
৩৭। মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর প্রয়োগ
এই আইনে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন সংঘটিত কোনো অপরাধ মোবাইল কোর্ট আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৯ নং আইন) এর তপশিলভুক্ত করিয়া বিচার করা যাইবে।