- ৪১। কর্পোরেশনের দায়িত্ব ও কার্যাবলী
- ৪২। সরকারের নিকট কর্পোরেশনের কার্যক্রম হস্তান্তর, ইত্যাদি
- ৪৩। কর্পোরেশনের বার্ষিক প্রশাসনিক প্রতিবেদন
- ৪৪। নাগরিক সনদ প্রকাশ
- ৪৫। উন্নততর তথ্য প্রযুক্তির ব্যবহার
ষষ্ঠ অধ্যায় : কর্পোরেশনের কার্যাবলী ( স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ )
৪১। কর্পোরেশনের দায়িত্ব ও কার্যাবলী
(১) কর্পোরেশনের দায়িত্ব ও কার্যাবলী হইবে নিম্নরূপ, যথাঃ-
(ক) কর্পোরেশনের তহবিলের সংগতি অনুযায়ী তৃতীয় তফসিলে বর্ণিত দায়িত্ব ও কার্যাবলী সম্পাদন করা;
(খ) বিধি এবং সরকার কর্তৃক, সময় সময়, প্রদত্ত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় অন্যান্য দায়িত্ব ও কার্যাবলী সম্পাদন করা;
(গ) সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে অন্য কোন দায়িত্ব বা কার্য সম্পাদনের নির্দেশ প্রদান করিলে উহা সম্পাদন করা।
(২) মেয়র স্থায়ী কমিটির সভাপতি এবং কাউন্সিলরগণ এই আইনের বিধান অনুযায়ী জনস্বার্থে, কর্পোরেশনের কার্য পরিচালনা করিবেন এবং কর্পোরেশনের নিকট যৌথভাবে দায়ী থাকিবেন।
(৩) সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণের দায়িত্ব ও কার্যাবলী বিধি দ্বারা নির্ধারিত হইবে।
৪২। সরকারের নিকট কর্পোরেশনের কার্যক্রম হস্তান্তর, ইত্যাদি
এই আইন অথবা আপাততঃ বলবৎ অন্য কোন আইনে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, সরকার প্রয়োজনবোধে তদ্কর্তৃক নির্ধারিত শর্তে -
(ক) কর্পোরেশন কর্তৃক পরিচালিত কোন প্রতিষ্ঠান বা কার্যক্রম, সরকারের ব্যবস্থাপনায় বা নিয়ন্ত্রণে; এবং
(খ) সরকার কর্তৃক পরিচালিত কোন প্রতিষ্ঠান বা কার্যক্রম কর্পোরেশনের ব্যবস্থাপনায় বা নিয়ন্ত্রণে হস্তান্তর করিবার নির্দেশ দিতে পারিবে।
৪৩। কর্পোরেশনের বার্ষিক প্রশাসনিক প্রতিবেদন
(১) কর্পোরেশন প্রত্যেক বৎসর সরকার কর্তৃক নির্ধারিত ফরমে ও পদ্ধতিতে কর্পোরেশনের কার্যক্রমের প্রশাসনিক ও উন্নয়নমূলক প্রতিবেদন প্রস্তুত করিবে এবং পরবর্তী অর্থ বৎসরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে উহা প্রকাশ করিবে; এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন প্রকাশ করিতে না পারিলে সরকার কর্পোরেশনের অনুকূলে অনুদান প্রদান স্থগিত রাখিতে পারিবে।
(২) কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, মেয়রের সহিত পরামর্শক্রমে, প্রশাসনিক প্রতিবেদনের খসড়া প্রস্তুত করিবে এবং উহা চূড়ান্ত অনুমোদনের জন্য কর্পোরেশনের সভায় উপস্থাপন করিবে।
(৩) কর্পোরেশন কর্তৃক ক্ষমতাপ্রদত্ত কর্মকর্তা প্রত্যেক বৎসরের ৩১ ডিসেম্বরের মধ্যে কর্পোরেশনের প্রশাসনিক প্রতিবেদনের সারসংক্ষেপ সমন্বিত আকারে সরকারের নিকট উপস্থাপন করিবে।
(৪) সরকার উপ-ধারা (৩) অনুসারে প্রাপ্ত সমন্বিত বার্ষিক প্রতিবেদন সংশ্লিষ্ট সংসদীয় কমিটির নিকট উপস্থাপন করিবে।
৪৪। নাগরিক সনদ প্রকাশ
(১) কর্পোরেশন “নাগরিক সনদ” শীর্ষক দলিলের মাধ্যমে নাগরিক সেবা প্রদানের বিবরণ, সেবা প্রদানের শর্তসমূহ এবং সেবা প্রদানের নির্দিষ্ট সময়সীমা নিশ্চিতকরণের বিবরণ প্রকাশ করিবে।
(২) নাগরিক সনদ প্রতি বৎসর অন্যূন একবার হালনাগাদ করিতে হইবে।
(৩) সরকার কর্পোরেশনের জন্য আদর্শ নাগরিক সনদ সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করিতে পারিবে।
(৪) প্রতিটি কর্পোরেশন সরকারের অবগতিতে সংশ্লিষ্ট নাগরিক সনদের প্রয়োজনীয় পরিবর্তন, পরিবর্ধন করিতে পারিবে।
(৫) নাগরিক সনদে নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয় অন্তর্ভুক্ত থাকিবে, যথাঃ-
(ক) প্রতিটি সেবার নির্ভুল ও স্বচ্ছ বিবরণ;
(খ) সেবা প্রনের মূল্য;
(গ) সেবা গ্রহণ ও দাবী করা সংক্রান্ত যোগ্যতা ও প্রক্রিয়া;
(ঘ) সেবা প্রদানের নির্দিষ্ট সময়সীমা;
(ঙ) নাগরিকদের সেবা সংক্রান্ত দায়িত্ব;
(চ) সেবা প্রদানের নিশ্চয়তা;
(ছ) সেবা প্রদান সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া; এবং
(জ) সনদে উল্লিখিত অঙ্গীকার লংঘনের ফলাফল।
৪৫। উন্নততর তথ্য প্রযুক্তির ব্যবহার
প্রত্যেক কর্পোরেশন-
(ক) নির্দিষ্ট সময়সীমার মধ্যে উন্নততর তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করিবে;
(খ) দফা (ক) তে উল্লিখিত উদ্দেশ্য পূরণকল্পে, সরকার আর্থিক ও কারিগরী সাহায্যসহ অন্যান্য সহায়তা প্রদান নিশ্চিত করিবে; এবং
(গ) তথ্য প্রযুক্তির মাধ্যমে স্বীয় প্রতিষ্ঠানের নাগরিক সনদে বর্ণিত আধুনিক সেবা সংক্রান্ত বিষয় ব্যতীত, সরকারিভাবে প্রদত্ত সকল সেবার বিবরণ নাগরিকদের জ্ঞাত করিবার ব্যবস্থা করিবে।