- ৮৩। নথিপত্র তলব করিবার ক্ষমতা
- ৮৪। সরকারের নির্ধারিত কর্মকর্তার পরিদর্শনের ক্ষমতা
- ৮৫। সরকার কর্তৃক পৌরসভাকে নির্দেশ প্রদানের ক্ষমতা
- ৮৬। পৌরসভার কর্মকাণ্ড সম্পর্কিত ক্ষমতা প্রয়োগ
- ৮৭। সরকারের দিক নির্দেশনা প্রদান এবং তদন্ত করিবার ক্ষমতা
- ৮৮। পৌরসভাকে কোন বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
প্রথম অধ্যায় : নথিপত্র তলব, পরিদর্শন, ইত্যাদি ( স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ )
৮৩। নথিপত্র তলব করিবার ক্ষমতা
সরকার যে কোন সময় পৌর কর্তৃপক্ষের নিকট হইতে
(ক) কোন দলিল বা অন্য কোন নথিপত্র;
(খ) বিবরণী, পরিকল্পনা, প্রাক্কলন, লিখিত বক্তব্য, হিসাব অথবা পরিসংখ্যান;
(গ) অন্য কোন প্রতিবেদন;
তলব করিতে পারিবে এবং পৌর কর্তৃপক্ষ এই নির্দেশ পালন করিতে বাধ্য থাকিবে৷
৮৪। সরকারের নির্ধারিত কর্মকর্তার পরিদর্শনের ক্ষমতা
সরকার, পৌরসভার কোনো বিভাগ, সেবামূলক ও উন্নয়ন কার্যক্রম, নির্মাণ কাজ অথবা সম্পত্তি উহার কর্মকর্তা দ্বারা পরিদর্শনের মাধ্যমে প্রতিবেদন গ্রহণ করিতে পারিবে।
৮৫। সরকার কর্তৃক পৌরসভাকে নির্দেশ প্রদানের ক্ষমতা
(১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে,সরকার যে কোন পৌরসভা অথবা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কোন ব্যক্তি অথবা কর্তৃপক্ষকে নির্ধারিত সময়সীমার মধ্যে যে কোন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিতে নির্দেশ দিতে পারিবে।
(২) সরকার উপযুক্ত তদন্তের পর যদি মনে করেন যে, উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত কোন নির্দেশ পালনে কোন পৌরসভা বা ব্যক্তি বা কর্তৃপক্ষ ব্যর্থ হইয়াছে, তাহা হইলে নির্ধারিত কর্তৃপক্ষ ব্যক্তি বা ব্যক্তিবর্গকে, অনুরূপ নির্দেশ কার্যকর করিবার জন্য, নিয়োগ করিতে পারিবে এবং এতদ্সংক্রান্ত ব্যয় নির্বাহের জন্য পৌরসভাকে নির্দেশ দিতে পারিবে।
(৩) এইরূপ ব্যয়ের খরচাদি পরিশোধ করা না হইলে, নির্ধারিত কর্তৃপক্ষ আদেশ দ্বারা পৌরসভা তহবিলে জমা অর্থ হেফাজতকারীকে উক্ত ব্যয় পরিশোধ করিবার অথবা তাহা হইতে সম্ভাব্য পরিমাণ কিস্তিতে পরিশোধের নির্দেশ দিতে পারিবে।
৮৬। পৌরসভার কর্মকাণ্ড সম্পর্কিত ক্ষমতা প্রয়োগ
(১) সরকার যদি মনে করে যে, কোন পৌরসভা অথবা ইহার পক্ষ হইতে সম্পাদিত কোন কার্য অথবা সম্পাদনের জন্য নির্বাচিত কোন কার্য আইনের সহিত সঙ্গতিপূর্ণ নহে অথবা যাহা জনস্বার্থের পরিপন্থী, তাহা হইলে নির্ধারিত কর্তৃপক্ষ আদেশ দ্বারা-
ক) কার্য বাতিল করিতে পারিবে;
খ) পৌরসভা কর্তৃক গৃহীত কোন প্রস্তাব বাস্তবায়ন বা প্রদত্ত আদেশ মূলতবী রাখিতে পারিবে;
গ) প্রস্তাবিত কোন কার্যের বাস্তবায়ন নিষিদ্ধ করিতে পারিবে;
ঘ) পৌরসভাকে এই সকল ক্ষেত্রে নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিতে পারিবে
(২) নির্ধারিত কর্তৃপক্ষ উপ-ধারা (১) এর অধীনে কোন আদেশ প্রদান করিলে, সংশ্লিষ্ট পৌরসভা উক্ত আদেশ প্রাপ্তির ত্রিশ দিনের মধ্যে সরকারের নিকট আদেশের বিরুদ্ধে আবেদন করিতে পারিবে এবং সরকার উক্ত আদেশ বহাল বা সংশোধন অথবা বাতিল করিতে পারিবে৷
৮৭। সরকারের দিক নির্দেশনা প্রদান এবং তদন্ত করিবার ক্ষমতা
(১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকার রাষ্ট্রীয় নীতিমালার সহিত সংগতি রাখিয়া যে কোন পৌরসভার আর্থিক ব্যবস্থাপনা, কর্মকর্তা ও কর্মচারী ব্যবস্থাপনা, বিভিন্ন প্রকার প্রকল্প প্রণয়ন ও প্রকল্পের উপকারভোগী নির্বাচন, পৌরসভা ও ওয়ার্ডসমূহের কার্যক্রম পরিচালনা, ইত্যাদি বিষয়ে দিক- নির্দেশনা প্রদান করিতে পারিবে এবং পৌরসভা উক্তরূপ দিক- নির্দেশনা আবশ্যিকভাবে অনুসরণ করিবে৷
(২) কোন প্রকল্প বাস্তবায়ন বা কোনরূপ আর্থিক অনিয়ম বা পৌরসভার অন্য যে কোন অনিয়মের বিষয়ে প্রাপ্ত অভিযোগ সরকার কর্তৃক নিযুক্ত এক বা একাধিক কর্মকর্তা তদন্ত করিবেন এবং সংশ্লিষ্ট পৌরসভা উক্ত তদন্ত কার্য পরিচালনায় সহযোগিতা করিবে৷
(৩) উপ-ধারা (২) এর অধীন তদন্ত সম্পাদনের পর, সরকার প্রয়োজন মনে করিলে, এই আইনের বিধান সাপেক্ষে, দায়ী ব্যক্তি বা কর্মকর্তা বা কর্মচারী বা পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে৷
৮৮। পৌরসভাকে কোন বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
ধারা ৮৩ বা ধারা ৮৪ এর অধীন প্রদত্ত প্রতিবেদনের ভিত্তিতে বা অন্য কোন সূত্রে প্রাপ্ত কোন তথ্যের ভিত্তিতে, যদি সরকার মনে করে যে, পৌরসভা কর্তৃক গৃহীত কোন কার্যক্রম অবৈধ অথবা অনিয়মে দুষ্ট অথবা এই আইনের অধীনে কোন কার্যক্রম অযৌক্তিকভাবে করা হইয়াছে অথবা আদৌ করা হয় নাই, অথবা, এই আইনে প্রদত্ত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান করা হয় নাই, তাহা হইলে সরকার অথবা সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষ পৌরসভাকে অবৈধ অথবা অনিয়মতান্ত্রিক ব্যবস্থা হইতে বিরত থাকিবার জন্য নির্দেশ দিতে পারিবে এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আইনসিদ্ধ ব্যবস্থা গ্রহণ বা আর্থিক সংস্থানের জন্য, সরকার পৌরসভাকে নির্দেশ দিতে পারিবে :
তবে শর্ত থাকে যে, জরুরি ভিত্তিতে উপরি-উক্ত কার্যক্রম বন্ধ করিবার যৌক্তিকতা না থাকিলে, সরকার পৌরসভাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করিবে।