পঞ্চম অধ্যায় : তহবিল, ঋণ গ্রহণ, বাজেট, হিসাবরক্ষণ, ইত্যাদি ( ২৫ )
২৪। তহবিল
(১) ইনস্টিটিউটের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা :-
(ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান;
(খ) ইনস্টিটিউটের বিভিন্ন খাত হইতে প্রাপ্ত অর্থ;
(গ) ইনস্টিটিউট কর্তৃক গৃহীত ঋণ;
(ঘ) স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান;
(ঙ) সরকারের পূর্বানুমোদক্রমে, কোন বিদেশী সরকার, সংস্থা বা কোন আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান;
(চ) সদস্যগণের নিকট হইতে প্রাপ্ত সদস্য ফি এবং শিক্ষা ও প্রশিক্ষণ বাবদ প্রাপ্ত অর্থ;
(ছ) অন্য কোন উৎস হইতে প্রাপ্ত আয়।
(২) তহবিল, কাউন্সিলের অনুমোদক্রমে, এক বা একাধিক তফসিলি ব্যাংকে জমা রাখা হইবে এবং, প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, উক্ত তহবিল হইতে অর্থ উত্তোলন করা যাইবেঃ
তবে শর্ত থাকে যে, প্রবিধান প্রণীত না হওয়া পর্যন্ত কাউন্সিল কতৃর্ক গৃহীত সিদ্ধান্ত অনুসারে তহবিল হইতে অর্থ উত্তোলন করা যাইবে।
(৩) তহবিল হইতে, প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, ইনস্টিটিউটের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে।
২৫। হিসাবক্ষণ ও নিরীক্ষা
(১) ইনস্টিটিউট তহবিলের সঠিক ও যথাযথ হিসাব সংরক্ষণ করিবে এবং আয়-ব্যয়ের হিসাব নির্ধারিত পদ্ধতিতে চার্টার্ড একাউন্টেন্টস ফার্ম দ্বারা নিরীক্ষা করাইবে।
(২) উপ-ধারা (১) এর অধীন নিয়োগকৃত চার্টার্ড একাউন্টেন্টস ফার্ম ইনস্টিটিউটের হিসাব সংক্রান্ত যাবতীয় বই ও অন্যান্য দলিল পরীক্ষা-নিরীক্ষা করিতে পারিবে এবং প্রয়োজনবোধে কাউন্সিলের যে কোন সদস্য এবং ইনস্টিটিউটের যে কোন কর্মকর্তা ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবে
(৩) হিসাব নিরীক্ষার পর চার্টার্ড একাউন্টেন্ট্স ফার্ম ইনস্টিটিউটের নিকট নিরীক্ষা প্রতিবেদন পেশ করিবে এবং নিরীক্ষা প্রতিবেদন প্রাপ্তির পর ইনস্টিটিউট উহা প্রকাশ করিবে এবং উহার একটি কপি সরকার ও কাউন্সিলের প্রত্যেক সদস্যের নিকট প্রেরণ করিবে।
২৬। ট্রেজারার
(১) তহবিল পরিচালনা ও রক্ষণের জন্য একজন ট্রেজারার থাকিবেন।
(২) ট্রেজারার কাউন্সিল কর্তৃক , উহার নির্বাচিত সদস্যগণের মধ্য হইতে, নিযুক্ত হইবেন এবং তাহার দায়িত্ব ও কার্যাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।